সমাজের আলো।। সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত মহাদেব সরদার (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। খুলনা নেওয়ার পথে বুধবার বিকেল ৬টার দিকে বটিয়াঘাটার কইয়া বাজার এলাকায় তাঁর মৃত্যু হয়। নিহত মহাদেব সরদার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের লক্ষ্মীপদ সরদারের ছেলে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে ফতেপুর গ্রামের গাইনপাড়া এলাকায় সন্তোষ গায়েনের বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মহাদেব সরদার। এ সময় একই গ্রামের রাজ্জাক ঢালীর ছেলে মো. বাবু (৪২) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তাঁকে সজোরে ধাক্কা দেয। এতে মহাদেব সরদার রক্তাক্ত ও গুরুতর আহত হন।
​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কর্মরত চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে খুলনা নিয়ে যাওয়ার পথে বিকেল ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার কইয়া বাজার এলাকায় পৌঁছালে মারা যান তিনি।
​কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাব্বির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, বর্তমানে নিহতের মরদেহ কালিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *