যশোর অফিস 
আগামী ২ জুলাই থেকে সারাদেশের মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অধীনেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৫৭০টি কলেজের ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯৮৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ১৮৯ জন। ফলে এবারও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিন রোববার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রথম দিন থেকেই বিষয়ভিত্তিক গুরুত্ব বিবেচনায় বোর্ডের একজন প্রতিনিধি ভিজিল্যান্স টিমে অন্তর্ভুক্ত থাকবেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, আগামী ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আগের দিন ১ জুলাই পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকায় পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়তে পারে।
তিনি আরও জানান, এবার ৬০ থেকে ৭০ জন প্রতিবন্ধী পরীক্ষার্থীর আবেদন পাওয়া গেছে। আবেদন যাচাই-বাছাই শেষে পরীক্ষার আগের দিন তাদের জন্য শ্রুতি লেখক (স্ক্রাইব) নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্র সচিবদের নিয়ে বোর্ডে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার পরীক্ষার্থীর মধ্যে খুলনা জেলায় ২৩ হাজার ৫৪৭ জন, বাগেরহাটে ৮ হাজার ২২৯ জন, সাতক্ষীরায় ১২ হাজার ২৭৭ জন, কুষ্টিয়ায় ১৫ হাজার ৩৮৩ জন, চুয়াডাঙ্গায় ৭ হাজার ৫৭৯ জন, মেহেরপুরে ৩ হাজার ৯১৫ জন, যশোরে ১৯ হাজার ৭৯১ জন, নড়াইলে ৪ হাজার ৬৯৯ জন, ঝিনাইদহে ১৪ হাজার ৭০২ জন এবং মাগুরায় ৭ হাজার ৫৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
বিভাগভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২২ হাজার ৭২৩ জন, মানবিক বিভাগে ৮১ হাজার ৯৬০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৪৯৪ জন রয়েছেন।
মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮০ হাজার ৩৬৫ জন এবং অনিয়মিত ৩৫ হাজার ৮৫৩ জন। অনিয়মিতদের মধ্যে আংশিক পরীক্ষার্থী ৩১ হাজার ১২০ জন, সকল বিষয়ে অংশগ্রহণকারী ৪ হাজার ৭৩৩ জন, মানোন্নয়ন পরীক্ষার্থী ৯২৭ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৪২ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ আব্দুল মতিন বলেন, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসনে বসতে হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *