ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:–
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের স্থান পরিবর্তন নিয়ে কার্ডধারী সুবিধাভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ করা হলেও শনিবার (২৬ সেপ্টেম্বর) রতনপুর বাজারে পণ্য বিতরণ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ও সুবিধাভোগীদের অভিযোগ, ইউনিয়নের ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের অনেক কার্ডধারীকে টিসিবির পণ্য নিতে রতনপুর বাজারে যেতে হচ্ছে। কোনো কোনো ওয়ার্ড থেকে বাজারটির দূরত্ব প্রায়
৭ থেকে ৮ কিলোমিটার। এ সময় নিম্নআয়ের মানুষ, বয়স্ক ও অসহায় সুবিধাভোগীদের অতিরিক্ত সময় ও যাতায়াত খরচ গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, আমার ওয়ার্ডের মানুষকে টিসিবির পণ্য নিতে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দূরে যেতে হচ্ছে। এটি তাদের জন্য খুবই কষ্টকর। আগে ইউনিয়ন পরিষদ চত্বরে পণ্য বিতরণ হওয়ায় সুবিধাভোগীদের জন্য যাতায়াত সহজ ছিল।

রতনপুর ইউনিয়ন বিএনপির (ভা.প্রা.) সভাপতি রফিকুল ইসলাম বাবু বলেন, “দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ হয়ে আসছিল। হঠাৎ বিতরণকেন্দ্র রতনপুর বাজারে স্থানান্তর করায় ৪ থেকে ৯ নং ওয়ার্ডের সাধারণ মানুষকে অতিরিক্ত দূরত্ব পাড়ি দিয়ে পণ্য সংগ্রহ করতে হচ্ছে। এতে নিম্নআয়ের ও অসহায় মানুষের ভোগান্তি বেড়েছে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে বিষয়টি পুনর্বিবেচনা করে আগের মতো ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণের ব্যবস্থা করা প্রয়োজন।

তবে অন্য একটি পক্ষের সুবিধাভোগীরা বিতরণকেন্দ্র রতনপুর বাজারে নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
তাদের দাবি, বাজারে পণ্য বিতরণ করা হলে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের জন্য তুলনামূলকভাবে কেন্দ্রীয় একটি স্থানে এসে পণ্য সংগ্রহের সুযোগ তৈরি হয়।
এতে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তারা মনে করেন।

স্থানীয়দের একাংশের দাবি, যাতায়াতের দূরত্ব ও সুবিধাভোগীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় টিসিবির পণ্য বিতরণের স্থান নির্ধারণ করা উচিত। বিশেষ করে বয়স্ক, অসহায় ও নিম্নআয়ের মানুষের ভোগান্তি কমাতে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *