শহিদ জয়, যশোর
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল সড়কের হামিদপুর এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মিনি পিকআপের ধাক্কায় নেছার উদ্দিন (৬০) নিহত এবং অনিক (২৩) ও জিয়া (৫৫) গুরুতর আহত হন। তারা সবাই কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলাটগঞ্জ এলাকার বাসিন্দা।
জানা যায়, কুমিল্লা থেকে সাতক্ষীরাগামী মিনি পিকআপটি হামিদপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের কেবিন দুমড়েমুচড়ে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অনিক ও জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, সকাল ৯টার দিকে মনিরামপুর উপজেলার গাংড়া এলাকায় সাইকেল থেকে পড়ে তনময় দেবনাথ (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। হেলমেটবিহীন অবস্থায় সাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে পড়ে তিনি আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

