​সমাজের আলো।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় সীমান্তের নিকটবর্তী ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদরের সংলগ্ন ৩ কিলোমিটারের মধ্যে ৯টিসহ মোট ৩৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা রক্ষায় ১৫ প্লাটুন (মোট ৩০০ জন) বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
​নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি সীমান্ত সংলগ্ন পূজামণ্ডপসমূহ এবং উপ-অধিনায়ক মেজর শাদমান সাকিব ব্যাটালিয়ন সদরের দায়িত্বাধীন মণ্ডপগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা মোতায়েনকৃত প্লাটুনগুলোকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
​বিজিবি জানায়, একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে দুর্গাপূজা চলাকালীন সনাতন ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে তারা সক্রিয় ভূমিকা পালন করবে।
​উল্লেখ্য, দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে বর্ডার গার্ড বাংলাদেশ, যশোর রিজিয়নের আওতাধীন এলাকার মোট ২২২টি পূজামণ্ডপে প্রায় ২,০০০ বিজিবি সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *