মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও জেলার নদী-খাল রক্ষার সার্বিক চিত্র নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্থানীয় পরিবেশ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সাতক্ষীরা অঞ্চলের নদী ও খালের অবৈধ দখল, নাব্যতাসঙ্কট এবং সার্বিক পরিবেশগত চ্যালেঞ্জ তুলে ধরেন। নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনোযোগ সহকারে সাতক্ষীরার নদী-খাল রক্ষায় মূল বাধা ও অন্তরায়গুলোর কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
আলোচনাকালে মকসুমুল হাকিম চৌধুরী বলেন, “দেশের প্রায় সব জেলাতেই নদী ও খালের বর্তমান চিত্র একই ধরনের। এসব সংকট থেকে উত্তরণে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার-এর সাংবাদিক ও বাপা জেলা কমিটির উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার সাংবাদিক ও বাপা জেলা কমিটির উপদেষ্টা এম কামরুজ্জামান, স্বদেশ-এর নির্বাহী পরিচালক ও বাপার সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্ত, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেটওয়ার্ক সদস্য শেখ আফজাল হোসেন এবং বেসরকারি সংস্থা ‘হেড’-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইনসহ স্থানীয় পরিবেশকর্মীরা।
সাক্ষাৎ শেষে পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, জাতীয় নদী রক্ষা কমিশনের এই আশ্বাসের মধ্য দিয়ে সাতক্ষীরার প্রাণ-প্রকৃতি ও জলাশয় রক্ষায় দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

