শহিদ জয়, যশোর

যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে এসআরবি (সাবেক র‌্যাব) যশোর ও ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক পরিবহনের অভিযোগে ড্রাইভার ও হেলপারকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাঠি রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কাভার্ডভ্যানের চালক বরিশালের কোতোয়ালী থানার চন্দপাশা এলাকার আব্দুল কাসেমের ছেলে হেমায়েত উদ্দিন এবং হেলপার তারাধুনিয়া গ্রামের দুলালের ছেলে সুজন।

যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স এবং ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন।

অভিযান সূত্রে জানা যায়, মহেশপুর সীমান্ত এলাকা থেকে একটি মিনি কাভার্ডভ্যান চৌগাছা হয়ে যশোরের দিকে আসছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে চূড়ামনকাঠি এলাকায় অবস্থান নেয় যৌথ বাহিনী। পরে সন্দেহভাজন কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ২ হাজার ২৫৬ বোতল ‘স্ক্রাফ’ (স্ক্যাফ) এবং ১ বোতল ‘উইনকোরিক্স’ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত গাড়িসহ মাদকদ্রব্য এসআরবি কার্যালয়ে আনা হয়েছে।

এ বিষয়ে এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এবং মামলার প্রস্তুতি চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *