সমাজের আলো।। সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তিলকুড়া গ্রামে গভীর রাতে এক চাঞ্চল্যকর ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় ডাকাত দল দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলেও গ্রামবাসীর জোরালো ধাওয়ার মুখে তারা লুট করা মালামাল ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়।

​স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৩টার পর একদল সশস্ত্র ডাকাত সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে ডাকাতি শেষে মালামাল নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করে। জনতার ধাওয়া খেয়ে নিজেদের বাঁচাতে ডাকাত দলের সদস্যরা দুই রাউন্ড গুলি বর্ষণ করে এলাকায় ভীতির সৃষ্টি করে।

​তবে গুলির তোয়াক্কা না করে গ্রামবাসী আরও ঐক্যবদ্ধ ও জোরালোভাবে তাদের ধাওয়া অব্যাহত রাখলে একপর্যায়ে ডাকাতরা ডাকাতিকৃত মালামাল ঘটনাস্থলেই ফেলে রেখে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়।

​ঘটনার পর পরই গ্রামবাসী দেবহাটা থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে দেবহাটা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া উদ্ধারকৃত মালামাল জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

​এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মালামাল উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত ডাকাত সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *