সমাজের আলো।।সাতক্ষীরা: সাতক্ষীরা সদর হাসপাতালকে আধুনিক, পরিচ্ছন্ন ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে প্রথম সভায় সভাপতিত্ব করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় হাসপাতালের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই হাসপাতালের বর্তমান কার্যক্রম, বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবার অবস্থা, রোগীর চাপ, জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিচালনা কমিটিকে অবহিত করেন। এরপর উপস্থিত সদস্যরা হাসপাতালের সেবার মান উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “সাতক্ষীরা সদর হাসপাতাল জেলার লাখো মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল। এখানে আগত প্রতিটি রোগী যেন সম্মানজনক ও মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং জবাবদিহিতা আরও বাড়াতে হবে। হাসপাতালের যেসব সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সরকার জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

সভায় হাসপাতালের সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর বারি, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সংসদ সদস্য ও পরিচালনা কমিটির সভাপতি মুহাদ্দিস আব্দুল খালেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা নিয়ে তাদের মতামত শোনেন। এ সময় রোগীদের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *