হারুন অর রশিদ, দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটা উপজেলার চন্ডিপুর গ্রামের একটি জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এবিষয়ে জনপ্রতিনিধিরা রয়েছে নিরব দর্শকের ভূমিকায়। সড়কটির দুরাবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার শতশত মানুষ। বারবার জনপ্রতিনিধিদের অবহিত করেও কার্যকর কোনো সংস্কার না হওয়ায় শেষ পর্যন্ত নিজেদের অর্থ ও শ্রম দিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
স্থানীয়দের দাবি, চন্ডিপুর গ্রামের এই সড়কটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে দুর্ভোগ আরও বেড়ে যায়।
বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। কোথাও কোথাও পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে সৃষ্টি হয় নানা প্রতিবন্ধকতা। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াত কিংবা কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রেও স্থানীয়দের নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা। বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে বাধ্য হয়ে নিজেদের উদ্যোগেই রাস্তার সংস্কার কাজে নেমেছেন গ্রামের সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, এলাকার দিনমজুর, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন বয়সী স্থানীয়রা নিজেদের শ্রম দিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট বসানো ও সলিংয়ের কাজ করছেন। কেউ ইট বহন করছেন, কেউ রাস্তার গর্ত ভরাট করছেন, আবার কেউ ইট বিছিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন। নিজেদের কষ্টার্জিত শ্রম দিয়ে নিজেদের যাতায়াতের পথটি সংস্কারের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় শিক্ষক শহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা অনেকবার জনপ্রতিনিধিদের রাস্তার সমস্যার কথা জানিয়েছি। কিন্তু দীর্ঘদিনেও কোনো কাজ হয়নি। মানুষের চলাচলের কষ্ট আর সহ্য না করতে পেরে শেষ পর্যন্ত আমরা নিজেরাই রাস্তা সংস্কারের কাজে নেমেছি।”
তারা আরও বলেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় রাস্তা পাকাকরণ ও উন্নয়নমূলক কাজ চলছে। অথচ চন্ডিপুরের মতো একটি জনগুরুত্বপূর্ণ এলাকায় সামান্য ইটের সলিং রাস্তা সংস্কারের জন্যও দীর্ঘদিন ধরে মানুষের অপেক্ষা করতে হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত চন্ডিপুর গ্রামের জনগুরুত্বপূর্ণ সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সড়কটি স্থায়ীভাবে সংস্কার ও পাকা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *