সমাজের আলো।। সাতক্ষীরার কালিগঞ্জ থানাধীন পানিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নুর ইসলাম তরফদার (৭৩) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৩টার দিকে পানিয়া গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদির মালিকানাধীন মাছের ঘেরের মোটর থেকে পানি নিয়ে সরিষা ক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটর চালু করতে যান নুর ইসলাম তরফদার। এ সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের এসআই নিঃ তাপস কুমার ঘোষাল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
মৃত নুর ইসলাম তরফদার উজয়মারি গ্রামের বাসিন্দা। তিনি মৃত রজব আলী তরফদারের ছেলে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *