কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, নেতৃত্বের পরিবর্তন হলেও জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের কোনো পরিবর্তন হয়নি। রবিবার (০১ ফেব্রুয়ারি) কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ও নলতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ, হিন্দু সমাবেশ, মহিলা সমাবেশ, নির্বাচনী জনসভা ও শ্রমিক সমাবেশে অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন। দিনের শুরুতে তিনি কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে গণসংযোগ করেন। এরপর পূর্ব নারায়ণপুরে হিন্দু সমাবেশে অংশ নেন। বিকেলে বাগবাটি দাখিল মাদ্রাসা মাঠে মহিলা সমাবেশ এবং বাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নলতা ইউনিয়নের খানজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে যোগ দেন তিনি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে এবং দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে—যা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জাজনক। তিনি বলেন, অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের দায়িত্বে থেকে দুইটি মন্ত্রণালয় পরিচালনা করেছে। সুজলা-সুফলা এই দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শহিদুল ইসলাম ঢালী, ভাড়াশিমলা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল ফারাহ সিদ্দিকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, কৃষক-শ্রমিক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

