সমাজের আলো ডেস্ক:
কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামে দমদম বাজার সংলগ্ন এলাকায় মধ্যরাতে জমি দখলের নগ্ন মহড়া চালিয়েছে একদল সন্ত্রাসী। শেখ আবুল বাশারের নিজ মালিকানাধীন জমিতে রাতের আঁধারে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালানো হয়।
পরিবারের সদস্যরা ঘটনাটি টের পেয়ে বাধা দিতে গেলে দখলকারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলে পড়ে। মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলায় নারীসহ পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হন।
ভুক্তভোগীদের লিখিত অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন— শহিদুল ইসলাম (৪৫), মোঃ ইনজামুল ইসলাম (২২), মোঃ মনিরুল ইসলাম (৩৫), আরিজুল ইসলাম (৫২), মোহাম্মদ জুলফিকার (২৮), মোহাম্মদ মিঠু হোসেন (২৫) এবং তহমিনা খাতুন (৩৫)। সকলেই ঝাপাঘাট গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আহতদের রাতেই কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক সূত্র জানায়, কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, যা স্পষ্টভাবে পরিকল্পিত হামলার ইঙ্গিত দেয়।
ভুক্তভোগী শেখ আবুল বাশার বলেন, আমাদের জমি জোর করে দখল নিতে চেয়েছিল। বাধা দেওয়ায় আমাদের ওপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনায় কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখল ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। প্রশাসনের নিরবতা দখলবাজদের আরও বেপরোয়া করে তুলছে।
সচেতন মহলের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাধারণ মানুষের জমি ও জীবনের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *