শহিদ জয়, যশোর
যশোরের বাঘারপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় মনিরামপুর উপজেলার হাকোবা গ্রামের শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৩মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাঘারপাড়া উপজেলার গাইদঘাট কোল্ড স্টোরেজের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মনিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আব্দুল মজিদ সরদার (৬৫), তার ছেলে মাহমুদুল হাসান জনি (৪৫) এবং জনির ৪ বছর বয়সী শিশুসন্তান মাহাবিন হাসান সেহেরিস।
আহতরা হলেন জনির স্ত্রী সাবরিনা জাহান সুমি (৩৫), মা মনোয়ারা বেগম (৬০) এবং ছেলে শামিন আলমাছ (১২)।
যশোরের বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, নিহত ও আহতরা চুয়াডাঙ্গায় একটি দাওয়াত খেয়ে নিজস্ব প্রাইভেটকার যোগে যশোরের মনিরামপুরের হাকোবা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাঘারপাড়া উপজলার যশোর-মাগুরা মহাসড়র গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বট গাছের সাথে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুল মজিদ সরদার ও মাহমুদুল হাসান জনি মৃত্যুবরণ করেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশু মাহাবিন হাসান সেহেরিসকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আহত তিনজন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সাবরিনা জাহান সুমি ও মনোয়ারা বেগমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ওসি আরো জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

