সমাজের আলো।। : সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত কেবিএস (খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা) প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরের ৩০ জুন। অথচ প্রকল্পের আওতায় এখনও শতাধিক সড়ক, ব্রিজ, কালভার্ট ও অন্যান্য উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ অবস্থায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, ঠিকাদার ও সাধারণ মানুষের অভিযোগ—প্রকল্প পরিচালকের স্বেচ্ছাচারিতা ও একক সিদ্ধান্তের কারণে জটিল হয়ে উঠেছে পুরো পরিস্থিতি।

স্থানীয় ঠিকাদরার জানান , দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০১৬ সালে কেবিএস প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এক দফা মেয়াদ বাড়ানো হয়। সেই বর্ধিত মেয়াদও শেষ হচ্ছে আগামী ৩০ জুন। তবে বাস্তব চিত্র বলছে, তিন জেলায় এখনও অসংখ্য স্কিমের কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে।

অভিযোগ উঠেছে, প্রকল্প পরিচালক প্রকৃত তথ্য গোপন করে পরিকল্পনা কমিশন ও পিএসসি সভায় মাত্র ১৬টি চলমান প্রকল্পের তথ্য উপস্থাপন করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, এসব প্রকল্প জুন মাসের মধ্যেই শেষ করা সম্ভব হবে। কিন্তু মাঠপর্যায়ে ঘুরে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাস্তবে তিন জেলায় প্রায় শতাধিক স্কিম এখনও চলমান রয়েছে।

খুলনা নির্বাহী প্রকৌশলী প্রকল্প পরিচালক বরাবর পাঠানো এক পত্রে জানিয়েছেন, তার জেলার অন্তত ১৩টি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়। একইভাবে সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী তার জেলার প্রায় অর্ধশতাধিক চলমান স্কিমের প্রোগ্রেস রিপোর্ট জমা দিয়েছেন। বাগেরহাট নির্বাহী প্রকৌশলীও অনুরূপ প্রতিবেদন দিয়েছেন।নির্বাহী প্রকৌশলীদের এসব বাস্তবভিত্তিক রিপোর্ট উপেক্ষা করে প্রকল্প পরিচালক নিজস্ব সিদ্ধান্তে মাত্র ১৬টি প্রকল্পের তথ্য পিএসসি সভায় উত্থাপন করেছেন। এতে প্রকল্পের প্রকৃত অবস্থা আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা অভিযোগ করে বলেন , প্রকল্প পরিচালক প্রায় সব সিদ্ধান্ত এককভাবে নিচ্ছেন। মাঠপর্যায়ের বাস্তবতা, নির্বাহী প্রকৌশলীদের মতামত কিংবা জনপ্রতিনিধিদের সুপারিশকে তিনি গুরুত্ব দিচ্ছেন না। তার এই স্বেচ্ছাচারিতার কারণে প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতা তৈরি হয়েছে।

এ নিয়ে স্থানীয় পর্যায়ে ক্ষোভ বাড়ছে। সাধারণ মানুষের আশঙ্কা, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া সত্ত্বেও যদি প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়বে, অন্যদিকে সরকারের কোটি কোটি টাকার বিনিয়োগও ঝুঁকির মুখে পড়বে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে কল্যান বসু, জাহাঙ্গীর হোসেন , গাজী লিটন সহ অনেকে বলেন , অনেক এলাকায় সড়ক খনন করে কাজ শুরু করা হলেও তা এখনও শেষ হয়নি। কোথাও ব্রিজের কাজ অসম্পূর্ণ, কোথাও কালভার্ট নির্মাণ অর্ধেক অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমের আগে এসব কাজ শেষ না হলে যোগাযোগব্যবস্থা ভয়াবহভাবে ব্যাহত হবে।

এ পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্যরাও উদ্বেগ প্রকাশ করে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মাদ ইজ্জত উল্ল্যাহ প্রধান প্রকৌশলী বরাবর একটি আধা-সরকারি (ডিও) পত্র দিয়েছেন। সেখানে তিনি চলমান স্কিমগুলো বাস্তবায়নের স্বার্থে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি ।

একই পত্র দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্যও। তারা উল্লেখ করেছেন, প্রকল্পের আওতায় চলমান কাজগুলো অসম্পূর্ণ রেখে প্রকল্প সমাপ্ত করা হলে জনগণ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ সদস্যদের পাঠানো পত্র প্রধান প্রকৌশলী পরিকল্পনা কমিশন ও প্রকল্প পরিচালকের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রকল্প পরিচালক এসব সুপারিশকে গুরুত্ব না দিয়ে নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তারা জানান, প্রকল্প পরিচালক শুরু থেকেই মেয়াদ বৃদ্ধি না করার পক্ষে অবস্থান নিয়েছেন। এমনকি মাঠপর্যায়ের বাস্তবতা, প্রকৌশলীদের মতামত এবং জনপ্রতিনিধিদের সুপারিশও তিনি উপেক্ষা করছেন।

এদিকে আগামী অর্থবছরের জন্য প্রকল্পে ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও তার মধ্যে ২০ কোটি টাকা প্রকল্প পরিচালকের নিজ জেলা কুষ্টিয়ার একটি প্রকল্পে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । চলমান স্কিমগুলো শেষ করার জন্য অর্থ সংকট থাকলেও অন্য জেলায় অর্থ স্থানান্তর করায় উন্নয়ন কার্যক্রম আরও ঝুঁকির মুখে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে
চলমান স্কিমের কয়েকজন ঠিকাদার বলেন, তারা বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে বিল উত্তোলন, কাজের অনুমোদন এবং প্রশাসনিক জটিলতা নিয়ে তারা আতঙ্কে রয়েছেন।

এক ঠিকাদার বলেন, “আমরা কাজ করতে ভয় পাচ্ছি। সময় খুব কম, অথচ অনেক কাজ বাকি। কাজ শেষ না হলেও বিল নিতে গেলে জরিমানার ভয় দেখানো হচ্ছে। প্রকল্প পরিচালকের দপ্তরে গেলেই নানা ধরনের চাপ ও হয়রানির মুখে পড়তে হয়।

আরেক ঠিকাদার বলেন, “অনেক জায়গায় কাজের গতি বাড়াতে অতিরিক্ত শ্রমিক ও যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, এত অল্প সময়ে মানসম্মতভাবে কাজ শেষ করা সম্ভব নয়।

সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান বলেন, “প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে। এ নিয়ে প্রকল্প পরিচালক চাপ দিচ্ছেন। কিন্তু বাস্তব অবস্থা হলো, আমাদের জেলায় এখনও অনেক স্কিমের কাজ চলমান রয়েছে। মেয়াদ বৃদ্ধি না হলে এসব প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না।”

খুলনা নির্বাহী প্রকৌশলীও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, “অনেক প্রকল্পের কাজ এখনও উল্লেখযোগ্য পরিমাণ বাকি রয়েছে। বাস্তবতা বিবেচনায় সময় না বাড়ালে কাজ অসম্পূর্ণ থেকে যাবে।

এ বিষয়ে প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন, “আমি এখানে থাকতে চাই না। প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে না। প্রকল্পে অনিয়ম, তথ্য গোপন এবং চলমান স্কিমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মুঠোফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *