সমাজের আলো।। সাতক্ষীরা র্যাব-৬ সদস্যরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে।
সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আরিফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে আটকের পর দেহ তল্লাসি করে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং সর্বমোট ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক আরিফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।
কোম্পানি কমান্ডার আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

