মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
জাতীয় পর্যায়ের স্বনামধন্য প্রতিযোগিতা ‘ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ (YSoB) ট্যালেন্ট ফেস্ট ২০২৬’-এর প্রজেক্ট ডিসপ্লে বিভাগে প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন সাতক্ষীরার তরুণ উদ্ভাবক সুদীপ্ত দেবনাথ। তার উদ্ভাবনী ও জনকল্যাণমুখী উদ্যোগ ‘চা বন্ধু’ প্রজেক্ট নিয়ে তিনি এই অভাবনীয় সাফল্য অর্জন করেন।

গত ১৪ ও ১৫ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য ট্যালেন্ট ফেস্ট অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ও জাতীয় পরিমণ্ডলে তরুণদের মেধা বিকাশে কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ‘ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ’ এই ফেস্টের আয়োজন করে, যেখানে কমিউনিটি পার্টনার হিসেবে ছিল ‘স্ক্রিপ্টি স্ফেয়ার’। বিজ্ঞান, সৃজনশীলতা, সাধারণ জ্ঞান, প্রজেক্ট ডিসপ্লে এবং ট্রেজার হান্টসহ নানা সামাজিক ও ক্রীড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত তরুণ প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার মূল আকর্ষণ প্রজেক্ট ডিসপ্লেতে সুদীপ্ত দেবনাথের ‘চা বন্ধু’ প্রজেক্টটি বিচারক ও দর্শনার্থীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। এটি মূলত একটি আধুনিক মাইক্রো-ফান্ডিং প্ল্যাটফর্ম, যার লক্ষ্য একটি টেকসই ও সামাজিক দায়বদ্ধ সমাজ গড়ে তোলা। ক্ষুদ্র ক্ষুদ্র আর্থিক অবদানকে একত্রিত করে দেশের চা-শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও উন্নত জীবনমান নিশ্চিত করতে কাজ করে এই প্রজেক্ট। পাশাপাশি তরুণ স্বেচ্ছাসেবক ও উদীয়মান সামাজিক পরিবর্তনকামীদের বিভিন্ন অর্থবহ উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা ও ফান্ডিং প্রদান করাও এর অন্যতম উদ্দেশ্য।

আয়োজন শেষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষাবিদগণ।

অতিথিরা বিজয়ী সুদীপ্ত দেবনাথের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এবং তার এই সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তরুণদের এমন প্রজেক্ট ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *