ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে মীর মোতাহের হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মৌতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মীর মোতাহের হোসেনকে এ অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় অপরাধের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
মীর মোতাহের হোসেন উপজেলার মৌতলা গ্রামের শওকাত আলীর ছেলে।
অভিযানকালে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

