ফজলুল হক, কালিগঞ্জ
(সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের একটি মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে এক ছাত্রীকে নিয়ে অনৈতিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে গত দুই দিনে অন্তত ২৬ জন ছাত্রীকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধলবাড়িয়া হাটখোলা সংলগ্ন বাগান এলাকায় অবস্থিত ধলবাড়িয়া দারুল কুরআন মহিলা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে একজন মুহতামিম, চারজন আলেমা শিক্ষিকা এবং বিভিন্ন বয়সী মোট ৫১ জন ছাত্রী অধ্যয়নরত রয়েছে।
অভিযোগকারীদের দাবি, গত ২৫ জুন গভীর রাতে মাদ্রাসার মুহতামিম হাফেজ আবু সাঈদ এক ছাত্রীকে ডেকে নির্জন স্থানে নিয়ে যান। এ সময় তার বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, কয়েকজন ছাত্রী ঘটনাটি দেখতে পেয়ে বিষয়টি অন্যদের জানালে তা দ্রুত অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই অনেক অভিভাবক তাদের সন্তানদের মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যেতে শুরু করেন।
স্থানীয় অভিভাবক আল মামুন ও আবুল হোসেন জানান, ঘটনার পর তারা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও কাইয়ুমসহ আরও কয়েকজন বলেন, অতীতেও মাদ্রাসাটিকে ঘিরে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা গেলেও সেগুলো প্রকাশ্যে আসেনি। সাম্প্রতিক অভিযোগ সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রব বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদ্রাসায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে অভিযুক্তের পক্ষে ও বিপক্ষে বিভিন্ন মতামত উঠে আসে। তিনি জানান, অভিযোগের পর অন্তত ২৬ থেকে ৩০ জন ছাত্রীকে তাদের অভিভাবকরা মাদ্রাসা থেকে নিয়ে গেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুহতামিম হাফেজ আবু সাঈদ সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ পরিকল্পিত ষড়যন্ত্র এবং মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও জানান, ৫১ জন ছাত্রীর মধ্যে ২৬ জন গত দুই দিনে মাদ্রাসা ছেড়ে গেছে। তবে তিনি সংবাদ প্রকাশের ক্ষেত্রে মাদ্রাসার স্বার্থ বিবেচনার অনুরোধ জানান।
এদিকে এলাকাবাসী ও অভিভাবকরা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

