সমাজের আলো।। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত চলছে। আগামী দুই দিন জেলায় বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং ওডিশা-অন্ধ্র প্রদেশ উপকূলে লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে খুলনা বিভাগের অনেক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। খুলনা ও আশপাশের নদী অববাহিকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, সাতক্ষীরায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। বর্তমানে সাতক্ষীরায় তিন নম্বর সংকেত চলছে। আগামী দুই দিন বৃষ্টিপাত হতে পারে। তবে আতঙ্ক হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবে বৃষ্টির চাপ থাকতে পারে।

