হারুন অর রশিদ, দেবহাটা প্রতিনিধি।। দেবহাটার ইছামতি নদীর পাশে ভেড়িবাধ দিয়ে বৃক্ষ রোপন কার্য্যক্রমের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকাল ৫টায় উপজেলার কোমরপুর এলাকায় শাখরা-কোমরপুর ব্রীজ সংলগ্ন ইছামতি নদীর ভেড়িবাধে বিভিন্ন রকমের বৃক্ষের চারা রোপনের মাধ্যমে এই কার্য্যক্রমের উদ্বোধন করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৃক্ষ রোপন কার্য্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসক এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী আগামী ৫বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের যে ঘোষনা সেটা বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে উল্লেখ করে বলেন, নদীর পাশে বৃক্ষ রোপন করলে বাধ মজবুত থাকে। অনেক প্লাবন বা ঝড় জলোচ্ছ্বাস থেকে উপকূলের মানুষকে বাঁচাতে এই বৃক্ষ রোপন অনেক ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসক উল্লেখ করেন। এছাড়া প্রতিনিধি পরিবারকে বাড়ির আঙিনায় বৃক্ষ রোপন করার আহবান জানিয়ে তিনি সরকারের লক্ষ্য বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *