সমাজের আলো।। একটি ঘেরের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
জানা গেছে, সাতক্ষীরা জেলার তালা উপজেলার খানপুর বিল এলাকায় একটি ঘেরের ভেতর থেকে অনুমতি ছাড়াই বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করেছেন।

