ফজলুল হক,কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের শেখপাড়া গ্রামের শেখ নুরুল ইসলামের ছেলে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলাম (৪২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাড়াটিয়া বাসায়।
জানা গেছে ,দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শেখ রাজু ইসলাম অত্যন্ত কষ্ট করে পড়াশোনা শেষ করেন। পিতার অভাবের কারণে শৈশব থেকেই সংগ্রাম করে বড় হয়েছেন তিনি। জমজ দুই ভাইয়ের একজন হিসেবে তিনি পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন। এক ভাই বেসরকারি ঔষধ কোম্পানিতে চাকরি করে পরিবারকে সহযোগিতা করলেও, রাজু ইসলাম সরকারি প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে চাকরি নিয়ে পরিবারের আর্থিক সংকট দূর করতে নিয়মিত সহযোগিতা করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীকে আর্থিক সহযোগিতা নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাদের সংসারে অশান্তি চলছিল। প্রায় ১০ বছর আগে ফরিদপুর জেলার ভাঙ্গায় চাকরিরত অবস্থায় সহকারী শিক্ষিকা হ্যাপি আক্তারের সঙ্গে পরিচয় ও পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত।
ঘটনার দিন স্ত্রী স্কুলে থাকা অবস্থায় বাসায় দুই কন্যা সন্তানের মধ্যে একজনকে অন্য কক্ষে রেখে তিনি নিজ কক্ষে সিলিং ফ্যানের লোহার হুকে গলায় ফাঁস দিয়ে রহস্যজনকভাবে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর জেলা সদর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রবিবার (২৬ এপ্রিল)
পোস্টমর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শেখ রাজু ইসলাম মৃত্যুকালে পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার রাতে তার নিজ বাড়ি কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

