সমাজের আলো।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুন্দরবন উপকূলসংলগ্ন এ তিন উপজেলার ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা দুর্গাপূজামণ্ডপে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ (পিএসসি, সিগন্যাল)।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিজিবি মাঠে রয়েছে। ব্যাটালিয়নের আওতাধীন তিন উপজেলার ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।

