ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার চৌমুহনী বাজার এলাকায় অবস্থিত আল্লাহ দান স্টোর” নামের একটি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই দোকানের ভিতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। এ সময় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক আব্দুল্লাহ আল মামুন।
দোকান মালিক আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতিদিনের মতো রাতের দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে বাজারের নাইট গার্ড ফোন করে জানায়, দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং আগুন লেগেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। একই সঙ্গে কালিগঞ্জ ফায়ার সার্ভিস-এ খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে দোকানের ভিতরে থাকা বিভিন্ন ধরনের মালামাল পুড়ে যায়। এর মধ্যে বিভিন্ন কোম্পানি সিগারেট, জিরা, মরিচ, এলাচ, তেল, চাল, ডালসহ বিভিন্ন মসলা ও নগদ অর্থ। দোকান মালিকের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে প্রায় কোটি টাকায় পৌঁছাতে পারে।
সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও জামায়াত নেতা হাফেজ খায়রুল বাশার বলেন, আগুনে ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনের ব্যাপক ক্ষতি হয়েছে। সময়মতো ফায়ার সার্ভিস না এলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত।এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন বলে জানা গেছে। দোকানের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন ক্ষয়ক্ষতির বিষয় উল্লেখ করে থানা ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানিয়েছেন।

