কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত পল্লীতে রাতের আঁধারে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কৌশলে বাড়ির বারান্দার রেলিংয়ের সিটকানি খুলে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খালধার এলাকার শহীদ মোড়লের বাড়িতে। রবিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানান।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে শহীদ মোড়ল, তার স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়েন। এ সময় বারান্দার কাঠের রেলিংয়ে সিটকানি দেওয়া ছিল। চোরেরা সেটি খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে বলে পরিবারের ধারণা।
শুধু তাই নয়, চোরেরা যাতে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে না পারেন এবং বাইরে থেকে বিষয়টি বুঝতে না পারেন, সেজন্য বাড়ির দরজার সামনের ছিটকানিও বাহিরে থেকে লাগিয়ে দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, চোরেরা পাশের ঘরে ঢুকে আলমারি ও বাক্স তছনছ করে। আলমারির ভেতর থেকে নগদ ৩ হাজার ৪০০ টাকা এবং বাক্সে রাখা স্বর্ণের কানের দুল, নাকফুল ও নূপুর নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা বলে পরিবারটি জানিয়েছে।
শহীদ মোড়লের স্ত্রী জানান, রাত আনুমানিক ১১টার দিকে তার ঘুম ভেঙে যায়। পরে তিনি বাইরে এসে পাশের ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরের ভিতরে গিয়ে দেখেন, আলমারি ও বাক্সপত্র উলটপালট অবস্থায় রয়েছে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নেই।
এ ঘটনায় পরিবারটির মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবারটি চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

