ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বো,
আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে কোয়ার্টার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহযোগিতায় মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে।
কোয়ার্টার ফাইনালে চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, তারালী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ এবং কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে (সেমিফাইনালে) উন্নীত হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোকির আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল এবং সঞ্চয়ী ব্যাংকের ম্যানেজার জয়ন্ত কুমার ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,
কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম ও সৈয়দ মাহমুদুর রহমান, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ এবং শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার দত্তসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, আগামী ৪ আগস্ট সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল এবং পরে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *