​সমাজের আলো।।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করেছে।
​রবিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এ এসব ধ্বংস করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান মাদক ধ্বংস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তে বিজিবির সদস্যরা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।”
​তিনি আরও উল্লেখ করেন যে, মাদক একটি বহুমাত্রিক সামাজিক ব্যাধি। কেবল আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় এটি পুরোপুরি নির্মূল সম্ভব নয়; এর জন্য সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য।
​এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
​বিজিবি সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানে ব্যাটালিয়ন কর্তৃক ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে— ৩,৭৯১ বোতল বিভিন্ন প্রকার মদ, ৪,৫২৪ বোতল ফেনসিডিল, ৪৭,২৭০ পিস ইয়াবা, ৩৩.৪ কেজি গাঁজা, ৮.৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৭২.৫০ মিলিলিটার এলএসডি, ৬৩ লাখের বেশি অবৈধ ওষুধ এবং অন্যান্য মাদকদ্রব্য।
​উল্লেখ্য, উল্লেখিত মেয়াদে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানগুলোতে সর্বমোট ১২৬ কোটি ৬৬ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে এবং সাথে জড়িত ৪৮ জনকে আটক করা হয়েছে।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজিবি খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরা জেলা প্রশাসক, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক, পুলিশ সুপারের প্রতিনিধি, কাস্টমস কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *