ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
নতুন কুড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালি গ্রামের কৃতি সন্তান জাকির হোসেন।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় তিনি ১০০ মিটার স্প্রিন্টে সবার আগে ফিনিশিং লাইন অতিক্রম করে চ্যাম্পিয়ন হন।
জাকির হোসেন কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তিনি নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও খুলনা বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জনের পর জাতীয় পর্যায়েও সেই সাফল্যের ধারা বজায় রেখে দ্রুততম মানবের খেতাব অর্জন করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। জাকির হোসেনকে মেডেল, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে দ্রুততম মানব হওয়ায় কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *