শহিদ জয় যশোর
যশোর শহরের বহুল আলোচিত আব্দুর রহমান কাকন হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি সানিকে (২৬) গ্রেপ্তার করেছে যশোর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। যশোর সিআইডির বিশেষ পুলিশ সুপার মোঃ আনিচুর রহমানের নির্দেশনায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে উপশহর শফিউল্লাহ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সানি শহরের বারান্দীপাড়া মেঠোপুকুরপাড় চাতালসংলগ্ন এলাকার মৃত রিয়াজ হোসেনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশের ইন্সপেক্টর সেলিম রেজা জানান,২০২১ সালের ১৭ নভেম্বর রাতে পূর্ব বারান্দী মোল্যাপাড়া কবরস্থানের পাশে নারায়ণের চায়ের দোকানে আব্দুর রহমান কাকনকে মারধর করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার বুকের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কাকনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত কাকনের মা সুফিয়া বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ২০২১ সালের ১৮ নভেম্বর মামলাটি কোতোয়ালি মডেল থানায় ৫২ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।
পরে মামলার তদন্তভার সিআইডি গ্রহণ করে। ২০২১ সালের ২৫ নভেম্বর শরিফুল ইসলাম ওরফে জিতুকে গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দের পর তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে জিতু দাবি করেন, সানি, শফি ও সাদ্দাম মোল্লাসহ তারা কাকনকে ছুরিকাঘাত করে হত্যা করেন। সিআইডি বলেছে
দীর্ঘদিন পলাতক থাকার পর সানির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির তদন্তকারী কর্মকর্তা আরো জানান, আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *