শহিদ জয়,যশোর
যশোরে সোনা ব্যবসায়ী আল-আমিন হোসেন (২৯) হত্যা মামলার প্রধান পলাতক আসামি সফিয়ার রহমান টুটুলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকা থেকে টুটুলকে গ্রেপ্তার করে পিবিআই যশোরের একটি দল। পরে দুপুর সাড়ে বারোটার দিকে তার দেখানো স্থান অনুযায়ী শহরের নাজিরশংকরপুর কোল্ড স্টোরেজের পেছনে একটি আধাপাকা বাড়ির জানালার সানশেডের ওপর থেকে চাকুটি উদ্ধার করা হয়।
পিবিআই যশোরের পক্ষ থেকে জানায়,গত ২০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে চৌরাস্তা মোড়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে বারান্দীপাড়া লিচুতলা এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন সোনা ব্যবসায়ী আল-আমিন। পরে তাকে লিচুতলা মাদ্রাসার পেছনে একটি মেহগনি বাগানে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ২১ আগস্ট দায়ের করা মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা হয়। পরে পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে।
তদন্তের ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট মামলার এজাহারভুক্ত আসামি গোলাম রসুলকে (৩০) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুটুলের অবস্থান শনাক্ত করে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
যশোর পিবিআইয়ের দাবি,প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পিবিআই আরও জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পিবিআই যশোরের এসআই মো. মাসুদ। তার সঙ্গে ছিলেন এসআই মিলন মিয়াসহ পিবিআইয়ের সদস্যরা। পুরো অভিযানটি পিবিআই যশোরের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. কামরুজ্জামানের তত্ত্বাবধানে পরিচালিত হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *