সমাজের আলো।। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক), খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা। কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সহকারী কমিশনার নাফিউল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন।

প্রথম দিনের বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান। এ পর্বে জেলা সদরের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার প্রথম অর্ধে বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ভাড়খালী মাধ্যমিক বিদ্যালয় এবং ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে তুজুলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়।

দ্বিতীয় অর্ধে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, নবজীবন ইনস্টিটিউটকে পরাজিত করে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং কারিমা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান, সহকারী অধ্যাপক মো. শাহেদ মোস্তফা চৌধুরী, প্রভাষক ওমর ফারুক এবং ইব্রাহিম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. রেজাউল করিম এবং সদস্য রেবেকা সুলতানা, জিএম নাজমুল আরিফ, মুহা. মনির উদ্দিন, আব্দুল ওহাব আজাদ ও মো. নাজমুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান।

দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের চর্চা এবং শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা-চেতনা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে চলবে বলে আয়োজকরা জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *