সমাজের আলো।। সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সাতক্ষীরা – খুলনা সড়কের শাকদায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ সকালে আনন্দ দাস শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৬২) তাঁকে তীব্র ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। ঘটনার পরে বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
পাটকেলঘাটা থানা-পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি সড়কের পাশে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে তাঁর নিজ বাড়িতে রাখা হয়েছে। চালক ও হেলপারকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

