কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের বাসিন্দা, স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারী (৮২) আর নেই। তিনি বুধবার (২২ এপ্রিল) সকাল ৭টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম অধিবাস অধিকারী ছিলেন একজন নম্র, ভদ্র, নির্ভীক ও সজ্জন ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন এবং চোখের দৃষ্টিশক্তিও হারিয়েছিলেন। অসুস্থতার সময় তার বড় ছেলে বিপ্লব অধিকারী বাবার সার্বিক সেবা-যত্নে নিয়োজিত ছিলেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর শেষ মুহূর্তে তার সন্তানরা তার পাশে ছিলেন এবং তিনি তাদের সাথে কথা বলে বিদায় নেন।
তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার দুপুর ১২টায় কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালি দক্ষিণপাড় ব্রিজের নিচে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মতলবুর রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা কমিটির সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইউপি সদস্য আবু মুসা খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বাংলাদেশ পুলিশের কালিগঞ্জ থানার একটি চৌকস দল মরহুমের মরদেহে গার্ড অব অনার প্রদান করে এবং তাকে জাতীয় পতাকায় আচ্ছাদিত করে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বেলা ২টায় কালিগঞ্জ পাওখালি মহাশ্মশানে তার দাহ সম্পন্ন করা হয়।

