সমাজের আলো।।
সাতক্ষীরায় সামাজিক সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রবিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সংস্থাটির কার্যালয় সম্মেলন কক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪০ জন নারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ সংক্রান্ত একটি সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। তিনি বলেন, “একটি আদর্শ ও মানবিক সমাজ গঠনে পরিবার ও রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি চর্চার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ তৈরি করা সম্ভব।”
অনুষ্ঠানে মানবাধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, “সব ধর্মের মূল শিক্ষাই হলো মানবকল্যাণ, ন্যায়বিচার ও পারস্পরিক সম্মান প্রতিষ্ঠা করা। অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে ধর্মীয় নীতি ও দেশের প্রচলিত আইন মেনে চলার পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।”
সমাবেশে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বিশ্বাস করেন, এ ধরণের আয়োজন সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে সহায়ক হবে; যা একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে বিশেষ ভূমিকা রাখবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *