সমাজের আলো ।।বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন ২০২৬) রাত সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কার্যালয়ের পেছনের দিকে দুটি জানালা এবং সামনের দিকে দরজার পাশের একটি ছোট জানালা খোলা ছিল। বিস্ফোরণের আগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, সদস্য রওশন কাগুজিসহ ১০ থেকে ১২ জন নেতাকর্মী কার্যালয়ে অবস্থান করছিলেন। রাত প্রায় ১০টার দিকে তারা কার্যালয়ে তালা দিয়ে চাবি স্থানীয় মহিদ্দিনের চায়ের দোকানে রেখে পাশের একটি মোটরসাইকেল গ্যারেজে বসে ছিলেন।
এ সময় হঠাৎ বিকট শব্দ শুনে তারা দ্রুত বিএনপি কার্যালয়ের যান। সেখানে গিয়ে দেখতে পান কার্যালয়ের দরজা খোলা এবং ভেতরের এক কোণায় আগুন জ্বলছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার প্রতিবাদে রাতেই কৃষ্ণনগর বাজার এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে

