নিজস্ব প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিন্ডিকেটকে টাকা দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ার দখল করায় প্রশাসনসহ কাউকেই গুনছেননা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন। তার খুটির জোর কোথায় ? জেলা প্রশাসনের সিদ্ধান্তকেও তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে ৪র্থ শ্রেণিতে ভর্তি না নেওয়ায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনকে কারণ দর্শানোর জন্য জবাব চেয়েছেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক। রবিবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর জবাব দিতে হবে। উল্লেখ্য, গত ১১ মার্চ জেলা প্রশাসকের সভাপতিত্বে সাতক্ষীরার সরকারি দুই স্কুলে ভর্তি কমিটির সভায় অবিভাবকগণের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন শ্রেণিতে ভর্তির সুযোগ দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীদের ক্ষোভ ও আন্দোলন: বিক্ষুব্ধ ছাত্রীদের অভিযোগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিন্ডিকেটকে টাকা দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ার দখল করতে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন আকনকে ষড়যন্ত্রমূলক আকস্মিক বদলি এবং ‘দুর্নীতিবাজ’ ও ‘দুশ্চরিত্র’ হিসেবে পরিচিত সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বর্তমান সিনিয়র শিক্ষক (বাংলা) মো. আলাউদ্দীনকে পুনরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানের প্রতিবাদে গত ৭ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে বিদ্যালয়ের শত শত ছাত্রী ক্লাস বর্জন করে বিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করে। বদলী হওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে বিদ্যালয় পরিচালনা করছিলেন। কিন্তু তাকে মাত্র তিন মাসের মাথায় কোনো কারণ ছাড়াই অন্যত্র বদলি করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, ‘দুর্নীতিবাজ’ শিক্ষক মো. আলাউদ্দীনকে পুনরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ারে বসাতেই শিক্ষা ভবনের একটি অসাধু চক্রের যোগসাজশে বিপুল পরিমান অর্থ বাণিজ্যের মাধ্যমে এই ষড়যন্ত্র করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক ছাত্রী জানায়, “আমরা আলাউদ্দীন স্যারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দেখতে চাই না। তিনি শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন এবং প্রতিবাদ করলে টিসি দেওয়ার হুমকি দেন।” সম্প্রতি বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী স্বাক্ষরিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাঠিয়েছেন দুদক ও শিক্ষা মন্ত্রণালয়ে।
অভিযোগের পাহাড়ে শিক্ষক আলাউদ্দীন: তথ্য অনুসন্ধানে জানা গেছে, ২০১২ সাল থেকে এই বিদ্যালয়ে কর্মরত মো. আলাউদ্দীনের বিরুদ্ধে পাহাড়সমান অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তিনটি বিয়ে, পরকীয়া এবং নৈতিক স্খলনের অভিযোগ তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক ও অভিভাবক। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের সামনে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আড্ডা দেওয়া এবং স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের বরাদ্দের টাকা আত্মসাৎ করে তিনি তার বন্ধুদের পেছনে খরচ করেন। পূর্বে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করাকালে বিদ্যালয়ের কর্মচারী আসাদসহ কয়েকজন কর্মচারীকে ছাটাই করেন ফান্ড নেই বলে। এবার তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে বিপুল অর্থ বাণিজ্যের মাধ্যমে ঐ বিদ্যালয়ের চাকরী ছেড়ে দেওয়া সাগরকে পূণরায় নিয়োগ দিয়েছেন। এখন ফান্ড কোথা থেকে এলো ?
৫ থেকে ১০ লাখ টাকার ‘ঘুষ’ ও শিক্ষা ভবনের ভূমিকা: শহরময় গুঞ্জন ছড়িয়েছে যে, ৫ থেকে ১০ লাখ টাকার বিনিময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে মো. আলাউদ্দীন পুনরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বাগিয়ে নিয়েছেন। এজন্য প্রশাসন ও বিদ্যালয়ের শিক্ষকসহ কাউকেই তোয়াক্কা করছেননা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন।
এ বিষয়ে মাউশির ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. ইউনুস ফারুকীকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কবির হোসেন আকনের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও কেন তাকে বদলি করা হলো, সে বিষয়েও তিনি নীরব ভূমিকা পালন করেন। এ থেকে বোঝা যায় বিপুল পরিমান অর্থের লেন দেন হয়েছে বদলী বাণিজ্যে।
এব্যাপারে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগ উঠেছে, মো. আলাউদ্দীনের এই দুর্নীতির মূল সহযোগী হিসেবে কাজ করছেন ঢাকা তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের উচ্চমান সহকারী মো. আইয়ুব আলী এবং মাউশির পরিচালক (মাধ্যমিক) এর কার্যালয়ে কর্মরত মো. শরীফ। অভিযোগ রয়েছে, আইয়ুব আলী সাতক্ষীরায় না থাকলেও বিদ্যালয়ের ভুয়া বিল-ভাউচার তৈরিতে সরাসরি সহায়তা করেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা ও নতুন মোটরসাইকেল উপহার পেয়েছেন।
উত্তেজিত অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক সমাজ: বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক বর্তমানে আলাউদ্দীনের ভয়ে তটস্থ। শিক্ষকদের দাবি, প্রকাশ্যে প্রতিবাদ করলে তিনি বহিরাগতদের দিয়ে হেনস্তা করেন। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন বিতর্কিত ও চরিত্রহীন শিক্ষক কীভাবে একটি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান হতে পারেন? আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।” দিনের পর দিন শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোনো ফল না পাওয়ায় এখন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছে, মো. আলাউদ্দীনকে অবিলম্বে বদলি না করা হলে তারা ক্লাসে ফিরবে না। আন্দোলন ও ক্লাস বর্জনের হুমকি দিয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *