হারুন অর রশিদ, দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত। নিহত মৎস্য ব্যবসায়ীর নাম আব্দুল আলিম (৫০)। তিনি দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পুলিশ দূর্ঘটনা কবলিত বাসটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নিহত আব্দুল আলিম গাজীরহাট বাজার থেকে শুক্রবার ২৮ আগষ্ট সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীক প্রয়োজন মিটিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময়
কাজী এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস যার রেজিস্ট্রেশন নম্বার সিরাজগঞ্জ ব ১১- ০০৮৬ কালীগঞ্জ থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার প্রাক্কালে দেবীশহর এলাকায় আব্দুল আলিমের মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল আলিম মারাত্মক আহত হলে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা ব্লীজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরন করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, দূর্ঘটনা পরবর্তী পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করেছে। তবে চালক তার আগেই পালিয়ে যায়। ওসি জানান, নিহতের মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দিলে মামলা রেকর্ড করা হবে বলে ওসি জানান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এবিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

